ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত এ আসনের ১৮৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলে।
এই উপনির্বাচনে মির্জা ফয়সল আমিন ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম হাতপাখা, খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী বটগাছ এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে গত ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং ২১ আগস্ট বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের দিন অর্থাৎ ২১ আগস্ট থেকেই সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী তার আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এরপরই এই উপনির্বাচনের আয়োজন করা হয়।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। মোট ২১ প্লাটুন বিজিবি, ২ হাজার ২৭২ পুলিশ সদস্য এবং ২ হাজার ৪০৫ জন আনসার সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করেছেন। এছাড়া নির্বাচন অনুসন্ধান কমিটিসহ বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে সক্রিয় ছিলেন। নির্বাচন পর্যবেক্ষণের জন্য ১৭৭ জন দেশি-স্থানীয় পর্যবেক্ষক এবং চারজন বিদেশি পর্যবেক্ষকের উপস্থিত থাকার কথা ছিল।