হরমুজ প্রণালিতে নিরাপত্তাহীনতা এবং আঞ্চলিক জাহাজ চলাচল ব্যাহত হওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও দেশটির সমর্থকদের দায়ী করেছে ইরান। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে এ অভিযোগ তোলেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি।
ইরাভানি বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি এ ধরনের পদক্ষেপকে ইরানের সাধারণ মানুষের ওপর ‘সম্মিলিত শাস্তি’ চাপিয়ে দেওয়ার শামিল বলে অভিহিত করেছেন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রদূত ইরাভানি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের এই নৌ অবরোধের কারণে বেসামরিক মানুষের খাদ্য, ওষুধ, জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য পাওয়ার সুযোগ হুমকির মুখে পড়েছে। তার মতে, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের পরিপন্থি এবং এর ফলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
হরমুজ প্রণালিতে নিরাপত্তাহীনতা তৈরি এবং আঞ্চলিক নৌ চলাচল ব্যাহত হওয়ার জন্য ওয়াশিংটন ও তাদের সমর্থকেরাই দায়ী বলে তিনি পুনরায় দাবি করেন। অন্যদিকে, যুক্তরাষ্ট্র তাদের অবস্থানে অটল থেকে দাবি করেছে যে, ইরানের ওপর তাদের নৌ অবরোধ কার্যকর রয়েছে। মার্কিন ভাষ্যমতে, এখন পর্যন্ত কোনো ইরানি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করতে পারেনি।