রাজধানীর কলাবাগান বাসস্ট্যান্ডের দুই পাশের রাস্তায় শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে চারটি ককটেল ছুড়ে মারার ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ চারজনকে আটক করেছে। বাসস্ট্যান্ডের পশ্চিম পাশের রাস্তায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কলাবাগান বাসস্ট্যান্ডসংলগ্ন পদচারী-সেতুর পূর্ব পাশের রাস্তায় তিনটি ককটেল নিক্ষেপ করা হয়। তবে সেগুলো বিস্ফোরিত হয়নি। পরবর্তীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত ককটেলগুলো নিষ্ক্রিয় করে। এই তিন ককটেল উদ্ধারের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অন্যদিকে, ধানমন্ডি থানা পুলিশ জানিয়েছে, পদচারী-সেতুর পশ্চিম পাশের রাস্তায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও দুজনকে আটক করা হয়েছে। সব মিলিয়ে এই ঘটনায় মোট চারজনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।