রাজবাড়ীর গোয়ালন্দে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির হামলায় মো. ফজের আলী (৭০) নামের এক বাবুর্চি নিহত হয়েছেন। তিনি আঞ্জুমান-ই-কাদেরিয়া খানকা শরীফের রন্ধনশালায় কর্মরত ছিলেন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার দৌলতদিয়া এলাকায় অবস্থিত ওই খানকা শরীফ প্রাঙ্গনে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে।
নিহত মো. ফজের আলীর বাড়ি রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের মল্লিক পাড়া গ্রামে এবং তার বাবার নাম আহমেদ আলী। হামলায় বাবুর্চির সহকারী সোনাভান বিবি (৭০) গুরুতর আহত হয়েছেন। তিনি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাহিরচর সিদ্দিক কাজীর পাড়া গ্রামের সাইমুদ্দিন শেখের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, আনুমানিক ৩৫ বছর বয়সী ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি খানকা শরীফের রন্ধনশালায় গিয়ে খাবার চেয়েছিলেন। খাবার দিতে দেরি হওয়ার জেরে তিনি সেখানে থাকা রান্নার লাকড়ি দিয়ে বাবুর্চি ও তার সহকারীকে এলোপাথাড়ি মারধর করেন। স্থানীয়রা ও খানকা শরীফের ভক্তরা তাদের উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক বাবুর্চি ফজের আলীকে মৃত ঘোষণা করেন। আহত সোনাভান বিবিকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীকে আটক করেছে। তবে এখন পর্যন্ত ওই ব্যক্তির নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। বর্তমানে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।