বোদা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের নির্দেশ প্রতিমন্ত্রীর

পঞ্চগড় প্রতিনিধি: মোঃ শোহানুর রহমান শাহিন

পঞ্চগড়ের বোদা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, শাকসবজির বাজার পুনর্বিন্যাস এবং বোদা বাসস্ট্যান্ডের সৌন্দর্যবর্ধনসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

পরিদর্শনকালে উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, উচ্ছেদ অভিযানে যেসব ব্যবসায়ীর দোকানপাট অপসারণ করা হয়েছে, তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে প্রত্যেক ব্যবসায়ীকে নিজ নিজ দোকান ফিরে পাওয়ার সুযোগ করে দিতে হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশনাও দেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, এলাকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকা ও স্বার্থের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। উন্নয়নের কারণে কোনো ব্যবসায়ী যেন অযথা ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে।

তিনি উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি ব্যবসায়ীদের স্বাভাবিক জীবিকা নির্বাহের সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।