আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে। সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের গত ২৭ অক্টোবর স্বাক্ষরিত এক সংশোধিত বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানের উদ্বোধনের পরপরই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হবে।

শিক্ষার্থীরা তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফলাফল সংগ্রহ করতে পারবেন। এছাড়া শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইট (https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd) থেকে ফলাফল জানার সুযোগ রয়েছে। ওয়েবসাইট থেকে ফলাফল ডাউনলোড করার জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) নম্বর ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানার ব্যবস্থা রাখা হয়েছে। যে-কোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠিয়ে ফলাফল পাওয়া যাবে। এসএমএস পাঠানোর ফরম্যাট হলো— HSC লিখে একটি স্পেস, বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, একটি স্পেস, রোল নম্বর, একটি স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। উদাহরণস্বরূপ, ঢাকা বোর্ডের কোনো শিক্ষার্থীকে HSC Dha 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা পত্রিকা অফিস থেকে সরাসরি কোনো ফলাফল সরবরাহ করা হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এছাড়া, উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও প্রক্রিয়া শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।