এইচএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। এখন থেকে তারা এক বছর অপেক্ষা না করে এক মাসের মধ্যেই পুনরায় পরীক্ষায় বসার সুযোগ পাবেন। এবারের এইচএসসি পরীক্ষায় এক ও দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন।
শনিবার বেলা ১১টা ৬ মিনিটে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বর্তমানে প্রচলিত নিয়ম অনুযায়ী, এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় কোনো শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে তাকে পরবর্তী বছরের পরীক্ষায় বসার জন্য দীর্ঘ এক বছর অপেক্ষা করতে হয়। এই দীর্ঘ সময় অপেক্ষায় থাকার ফলে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে পিছিয়ে পড়ার পাশাপাশি বাড়তি মানসিক চাপের সৃষ্টি হয়। নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে শিক্ষার্থীরা অকৃতকার্য হওয়া বিষয়গুলোতে বা চাইলে সব বিষয়ে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন, যা তাদের শিক্ষাজীবনের ক্ষতি কমিয়ে আনতে সহায়তা করবে।