ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো সাভার ও গাজীপুরের শিল্পাঞ্চলগুলোতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। এই অস্থির পরিস্থিতির কারণে সাভার ও গাজীপুর এলাকার অন্তত ৮০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার সকাল থেকে শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করলে অনেক কারখানায় উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
সাভারের আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, দুপুর থেকে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠলে সাভারের অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে মাইকিং করে শ্রমিকদের শান্ত থাকার আহ্বান জানানো হচ্ছে।
একইভাবে গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকরা সকাল থেকে বিক্ষোভ শুরু করেন। কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার, চন্দ্রা পল্লীবিদ্যুৎ, মৌচাক ও তেলিচালা এলাকায় শ্রমিকদের ব্যাপক বিক্ষোভ দেখা যায়। এ সময় কোনাবাড়ীতে পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া পল্লী বিদ্যুৎ এলাকায় যমুনা ব্যাংকে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের কারণে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ১২টার দিকে পল্লীবিদ্যুৎ এলাকায় মন্ডল গ্রুপে বিক্ষুব্ধ শ্রমিকরা আগুন ধরিয়ে দেন। মহাসড়কের কালিয়াকৈর ফায়ার সার্ভিস এলাকা থেকে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সকালের দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও দুপুরের পর থেকে সহিংসতা ও অবরোধের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।