ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার নির্দেশ দিয়েছেন ধর্মমন্ত্রী এবং ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস-এর চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। রোববার ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে আয়োজিত বোর্ড অব গভর্নরস-এর ২৩৭তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এই নির্দেশনা প্রদান করেন।
ধর্মমন্ত্রী জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার দূরদর্শী ভাবনায় শিশুদের পবিত্র কোরআন শিক্ষা, আদব-কায়দা, নৈতিকতা এবং ধর্মীয় অনুভূতি সুদৃঢ় করার লক্ষ্যেই এই মক্তব শিক্ষা ব্যবস্থার সূচনা হয়েছিল। তবে গত ১৭ বছরে এই শিক্ষাক্রম ব্যাপকভাবে দলীয়করণের শিকার হয়েছে। তিনি মক্তব শিক্ষাকে যেকোনো রাজনৈতিক দলের প্রভাব থেকে উদ্ধার করে পুনরায় প্রকৃত ধর্মীয় ও নৈতিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার ওপর জোর দেন।
দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে প্রায় ১ লাখ ২০ হাজার প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রাথমিক পর্যায়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষার সঠিক ব্যবস্থা গড়ে তোলা এবং মক্তব শিক্ষা থেকে রাজনৈতিক প্রভাব দূর করার লক্ষ্যে একটি বিশেষ সংস্কার কমিটি গঠনের বিষয়ে সভায় আলোকপাত করা হয়। একইসঙ্গে তিনি কওমি মাদ্রাসার শিক্ষক ও হাফেজদের নির্ভুল কোরআন শিক্ষাদানে অনন্য ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, সুনির্দিষ্ট ভুল ছাড়া ৩০ পারা কোরআন হিফজ করানোসহ শিক্ষার এই অবদানকে মূল্যায়ন করা এবং তাদের অধিকার নিশ্চিত করা প্রয়োজন।
সভায় ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার বলেন, বর্তমান সরকার চলতি মেয়াদে দেশব্যাপী ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তিনি উল্লেখ করেন, ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বড় ভূমিকা রাখা সম্ভব হবে, যা প্রধানমন্ত্রীর রূপকল্প বাস্তবায়নে সহায়ক হবে।
সভায় উপস্থিত অন্যান্যদের মধ্যে কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস-এর সদস্য সচিব ও মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভী নিজ নিজ মতামত ব্যক্ত করেন। সভায় মক্তব শিক্ষা কার্যক্রম দলীয় প্রভাবমুক্ত করা, স্থানীয় পর্যায়ে তদারকি জোরদার এবং প্রধানমন্ত্রীর রূপকল্প বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানানো হয়েছে।