পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার সন্ধ্যায় সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে এক জরুরি বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এই তথ্য জানান।

শ্রমমন্ত্রী বলেন, ডিসেম্বর মাসকে সামনে রেখে পোশাক শিল্প খাতে যে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে, সরকার তা রাজনৈতিকভাবে মোকাবিলা করবে। প্রধানমন্ত্রীর নির্দেশের পরিপ্রেক্ষিতে কারখানার উৎপাদন অব্যাহত রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে।

উল্লেখ্য, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রবিবার সকাল থেকেই রাজধানীর মিরপুর, গাজীপুর, সাভার ও আশুলিয়াসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকরা বিক্ষোভ, সড়ক অবরোধ ও কর্মবিরতি পালন করেন। এই অস্থিরতার জেরে বিভিন্ন শিল্পাঞ্চলের তিন শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। কোথাও কোথাও পুলিশের সঙ্গে সংঘর্ষ, গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

এর আগে, রবিবার সকালেই পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পর্যালোচনার লক্ষ্যে সরকার ছয় সদস্যের একটি নতুন মজুরি বোর্ড গঠন করেছে। এই বোর্ডে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের পাশাপাশি একজন নিরপেক্ষ সদস্যকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।