মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের আবহে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে আবারও জাহাজ হামলার ঘটনা ঘটেছে। রোববার (১ নভেম্বর) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী দাবি করেছে যে, অনুমোদিত নয় এমন পথ দিয়ে যাওয়ার সময় সাগরে পুঁতে রাখা মাইনের আঘাতে দুটি তেলবাহী ট্যাংকার বিস্ফোরিত হয়েছে।

একই দিনে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজের ক্যাপ্টেন বিপৎসংকেত বা মেডে পাঠিয়ে জানিয়েছেন যে, তার জাহাজটি অজ্ঞাতপরিচয় একটি বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে গত শুক্রবার কাতারের একটি গ্যাসবাহী ট্যাংকারে হামলার খবর প্রকাশ করে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কাতার নিউজ এজেন্সি। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, উপসাগরীয় জলসীমা দিয়ে চলাচলের সময় অজ্ঞাতপরিচয় বস্তু দিয়ে জাহাজটিতে হামলা চালানো হয়েছে। হামলার শিকার জাহাজটির নাম ‘আল-মায়েদা’। এটি কাতার গ্যাস ট্রান্সপোর্ট কোম্পানির মালিকানাধীন একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহণকারী জাহাজ।

কাতারের সংবাদ সংস্থার প্রতিবেদনে আরও জানানো হয়েছে, হামলার সময় জাহাজটিতে থাকা কোনো নাবিক আহত হননি এবং পরিবেশেরও কোনো ক্ষতি হয়নি। কাতার গ্যাস ট্রান্সপোর্ট কোম্পানির বরাত দিয়ে জানানো হয়, জাহাজটি বর্তমানে নিরাপদ অবস্থায় রয়েছে এবং স্বাভাবিকভাবে চলাচলের উপযোগী।