শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পোশাকশিল্পের মালিক নেতাদের সঙ্গে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় বলেন, "রাস্তায় আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা চলছে। যারা শ্রমিকদের আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে বা আইনের বাইরে গিয়ে কোনো কার্যক্রম চালাবে, স্পষ্ট করে বলে দিতে চাই তাদের কঠোর হস্তে দমন করা হবে৷" তিনি অভিযোগ করেন, কিছু পতিত শক্তির দোসর দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্তে লিপ্ত রয়েছে।

চলমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশে পতিত শক্তির দোসররা এখনো তৎপর রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে দেশকে অস্থিতিশীল করার যে প্রক্রিয়ায় অপচেষ্টা চালানো হয়েছে, তার সঙ্গে সাধারণ কোনো শ্রমিক ভাইবোন সম্পৃক্ত ছিলেন না। মূলত ভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যে সীমান্তের পার থেকে আসা নির্দেশনায় কিছু গোষ্ঠী এই পরিস্থিতি তৈরি করতে চাইছে।

রাজনীতিতে চলমান ‘ডিসেম্বর’ চর্চা নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি প্রশ্ন তুলে বলেন, ডিসেম্বর তো আমাদের ঐতিহাসিক বিজয়ের মাস, এই মাসে সরকারের একাধিক কর্মসূচি নির্ধারিত রয়েছে। কোনো পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি যদি দেশে ফিরতে চায়, তবে দ্রুত ফিরে আসতে পারে; তাদের বিষয়ে দেশের আইন অনুযায়ী ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

তিনি যোগ করেন, আওয়ামী সরকারের পলাতক নেতাকর্মীরা অনুসারীদের চাঙ্গা রাখতে ‘ডিসেম্বর-ডিসেম্বর’ বলে আলোচনা তৈরি করছে। তারা চাইলে এখনই দেশে প্রবেশ করতে পারে। পাশাপাশি এসব পলাতকদের ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের সরকারকে নিয়ম অনুযায়ী ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।