মধ্যপ্রাচ্যকে বড় শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতা ও ভূরাজনৈতিক সংঘাতের ক্ষেত্রে পরিণত করা উচিত নয় বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আরব দেশগুলোর সঙ্গে কাজ করতে চীন প্রস্তুত রয়েছে।
সোমবার ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে এক বৈঠকে চীনের প্রেসিডেন্ট এ কথা বলেন। শি জিনপিং বলেন, বিশ্ব বর্তমানে এমন এক গভীর পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে যা বিগত এক শতাব্দীতে দেখা যায়নি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে তার উদ্ধৃতি দিয়ে বলা হয়, উপসাগরীয় অঞ্চলকে বড় শক্তিগুলোর ভূরাজনৈতিক সংঘাতের মঞ্চ হিসেবে ব্যবহার করা ঠিক নয়। এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সব পক্ষের সম্মিলিত উদ্যোগ ও সুরক্ষা প্রয়োজন।
বৈঠকে শি জিনপিং আরও উল্লেখ করেন যে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ বন্ধে চীন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের নিরাপত্তাসংকট সমাধানে বেইজিং তার প্রজ্ঞা ও কার্যকর সমাধানের মাধ্যমে অবদান রাখতে চায়।
ওমানের সুলতান হাইথাম বিন তারিক রোববার দুই দিনের সফরে বেইজিং পৌঁছান। ১৯৭৮ সালে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর এই প্রথম কোনো ওমানি রাষ্ট্রপ্রধান চীন সফর করছেন।