জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে প্রযুক্তিভিত্তিক ও মেধানির্ভর সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা এবং আধুনিক বাংলাদেশ বিনির্মাণে প্রচলিত শিক্ষাব্যবস্থার পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান অর্জন ও মেধার বিকাশ এখন সময়ের দাবি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে কেবল কর্মসংস্থানের ক্ষেত্র হিসেবে দেখলে চলবে না; বরং এগুলোকে মুক্তবুদ্ধির চর্চা ও উচ্চতর গবেষণার কেন্দ্রে পরিণত করতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু সনদ বা জিপিএ-৫ অর্জনের মাধ্যমে একটি জাতি উন্নত হতে পারে না। এর জন্য প্রয়োজন শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং গবেষণামুখী শিক্ষা। কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, সাধারণ শিক্ষায় ডিগ্রি অর্জনের পর বেকার থাকার পরিবর্তে তরুণ প্রজন্মকে আধুনিক বিশ্বের চাহিদা অনুযায়ী দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি হিসেবে গড়ে উঠতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও সেমিকন্ডাক্টর শিল্পের মতো আধুনিক প্রযুক্তিনির্ভর অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে চলার ওপরও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাসের কথা স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৯৫ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে এবং শহীদ নাসিরউদ্দিন পিন্টুসহ তৎকালীন ছাত্রনেতাদের প্রচেষ্টায় প্রতিষ্ঠানটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রক্রিয়া শুরু হয়েছিল। পরবর্তীকালে বিএনপি সরকারের মেয়াদে ২০০৫ সালে জাতীয় সংসদে আইন পাসের মাধ্যমে এটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়। কেরানীগঞ্জে ২০০ একর জমির ওপর নতুন ক্যাম্পাস নির্মাণের কাজ চলমান রয়েছে উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের যৌক্তিক দাবিদাওয়া পূরণের বিষয়ে সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গির কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রাজনৈতিক পটপরিবর্তন হলেও জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখা বাঞ্ছনীয়। ‘সবার আগে বাংলাদেশ, সবার আগে জনগণ’—এই নীতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের স্বার্থে তরুণ প্রজন্মকে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনা ও দেশপ্রেম ধারণ করে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে এগিয়ে আসতে হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এবং মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালি, চারুকলা প্রদর্শনী, আলোচনা সভা ও কনসার্টসহ দিনব্যাপী বিভিন্ন আয়োজন করা হয়।