সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরে ফের রাজপথে নেমে বিক্ষোভ প্রদর্শন করেছেন পোশাকশ্রমিকেরা। শ্রমিক আন্দোলনের কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ওই এলাকার দেড় শতাধিক তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। আন্দোলনরত শ্রমিকেরা গাজীপুরের বিভিন্ন পয়েন্টে মহাসড়ক অবরোধ করে দিনভর বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।
বিক্ষোভের একপর্যায়ে দুপুর ১২টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় মারাত্মক উত্তেজনার সৃষ্টি হয়। সেখানে অবস্থান নেওয়া আন্দোলনকারীরা ক্ষুব্ধ হয়ে পুলিশের একাধিক গাড়িতে ভাঙচুর চালান এবং পরবর্তীতে অগ্নিসংযোগ করেন।
স্থানীয় ও শ্রমিক সূত্রে জানা গেছে, বকেয়া পরিশোধ ও বেতন বৃদ্ধির দাবিতে সকাল থেকেই পোশাকশ্রমিকেরা একত্রিত হতে শুরু করেন। বিশৃঙ্খলা ও সংঘাত এড়াতে বিভিন্ন পোশাক কারখানা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ছুটি দিয়ে দেয়। ছুটির পর শ্রমিকেরা রাস্তায় নেমে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
prothomalo-bangla/2026-11-02/rkacim4i/4bb8f179-f34f-4f62-9e1e-ce1fd12c6f99.jfif
prothomalo-bangla/2026-11-02/4rv76n53/dhakadh162420261102savar1-02.11.26.jpg