ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক মজুরির দাবিতে গাজীপুরের পোশাকশ্রমিকদের চলমান বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি টানা চতুর্থ দিনে গড়িয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ ও মৌচাক এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে আসেন। এই আন্দোলনের মুখে মৌচাক, পল্লীবিদ্যুৎ, সফিপুর, হরিণহাটি ও আশপাশের এলাকার শিল্পকারখানাগুলো কর্তৃপক্ষ আবারও বন্ধ ঘোষণা করেছে।

বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার অংশে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং আশপাশের আবাসিক এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আন্দোলনরত শ্রমিকরা এ সময় অর্ধশতাধিক যানবাহন ও বিভিন্ন দোকানপাট ভাঙচুর করেছেন বলে জানা গেছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সকালে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে এবং শ্রমিকরা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে মোতায়েন রয়েছেন।