মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট ট্রাক টার্মিনালের পাশের একটি ড্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শটগান উদ্ধার করেছে শিবালয় থানা পুলিশ। সোমবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম শটগান উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ধরনের শটগান সাধারণত পুলিশ সদস্যরা ব্যবহার করে থাকেন। তবে উদ্ধার করা অস্ত্রটি পুলিশের ব্যবহৃত কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের প্রাথমিক ধারণা, ২০২৪ সালের গণ-আন্দোলনের সময় কোনো থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে এটি একটি হতে পারে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, শটগান উদ্ধারের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।