আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ জমে উঠেছে। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন ভোটারদের কাছে তার উন্নয়নের রূপরেখা তুলে ধরতে নিয়মিত গণসংযোগ, শোডাউন ও লিফলেট বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সোমবার বিকালে বারো তারিখ বাজার থেকে শুরু হয়ে শেরে বাংলা মার্কেটে এসে শেষ হয় তার এই গণসংযোগ।

এ সময় জাকির হোসেন স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। তিনি নির্বাচিত হলে একটি সেবামুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গঠনের প্রতিশ্রুতি দিয়ে বলেন, ইউনিয়নের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করাই তার মূল লক্ষ্য। তিনি বলেন, দীর্ঘদিন ধরে আমি মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই আমি নির্বাচনে অংশ নিতে আগ্রহী।

জাকির হোসেন তার রাজনৈতিক দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সামাজিক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি আশাবাদী যে তার ত্যাগ ও শ্রমের মূল্যায়ন করে দল তাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেবে। তার সঙ্গে গণসংযোগকালে ভেদুরিয়া ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি ফজলুল হক গোরামী, প্রচার সম্পাদক রাসেল আকনসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নির্বাচনী ইশতেহারে জাকির হোসেন ভেদুরিয়া ইউনিয়নকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি ও ডাকাতিমুক্ত করার কঠোর প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানান, নির্বাচিত হলে তিনি এলাকায় শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নেবেন, যা স্থানীয় তরুণ-যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। এছাড়া ব্যবসায়ীদের শিল্প স্থাপনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং নাগরিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে ইউনিয়নটিকে একটি আদর্শ ইউনিয়নে রূপান্তর করাই তার লক্ষ্য বলে তিনি জানান।