গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের চলমান আন্দোলন ঘিরে পুলিশের গুলিতে কোনো শ্রমিক হতাহত হওয়ার ঘটনা ঘটেনি বলে স্পষ্টভাবে জানিয়েছে গাজীপুর জেলা পুলিশ। এ ধরনের খবরকে সম্পূর্ণ মনগড়া ও ভিত্তিহীন গুজব বলে উল্লেখ করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) রাতে গাজীপুর জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি বেতন বৃদ্ধিসহ নানা দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক, সফিপুর, পল্লী বিদ্যুৎ ও চন্দ্রাসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে পোশাকশ্রমিকরা আন্দোলন করছেন। আন্দোলনকে কেন্দ্র করে কোনো অশুভ চক্র বা দুষ্কৃতকারী যাতে সহিংসতা, ভাঙচুর কিংবা রাষ্ট্র ও জনগণের সম্পদের ক্ষতি সাধন করতে না পারে, সে জন্য পুলিশ অত্যন্ত ধৈর্য, সংযম ও আইনানুগ পন্থায় দায়িত্ব পালন করে আসছে।

জেলা পুলিশ আরও জানায়, শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিকে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করেছে। তা সত্ত্বেও কিছু স্বার্থান্বেষী ও ষড়যন্ত্রকারী গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিল করতে এবং সাধারণ আন্দোলনকারীদের পুলিশের বিরুদ্ধে খেপিয়ে তোলার উদ্দেশ্যে পুলিশের গুলিতে শ্রমিক ও শিক্ষার্থী হতাহত হওয়ার বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। বিজ্ঞপ্তিতে দৃঢ়ভাবে বলা হয়, গাজীপুরে শ্রমিকদের ওপর পুলিশ কোনো গুলি চালায়নি এবং এতে কেউ হতাহতও হননি।

বিজ্ঞপ্তির মাধ্যমে যেকোনো ধরনের অপপ্রচার ও গুজবে কান না দেওয়ার জন্য শ্রমিক ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে জেলা পুলিশ। একই সঙ্গে দুষ্কৃতকারীদের উসকানিতে প্ররোচিত হয়ে ভাঙচুর, জ্বালাও-পোড়াও ও সহিংসতার মতো ঘটনা থেকে বিরত থেকে সবাইকে নিজ নিজ কর্মস্থলে মনোনিবেশ করার অনুরোধ করা হয়েছে।