ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে মানবিক সহায়তার একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। আকস্মিক এই হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। যুদ্ধবিধ্বস্ত ওই এলাকায় ত্রাণ নিতে আসা অসহায় মানুষের ভিড়ের মধ্যে এই প্রাণঘাতী হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

জাপোরিঝিয়া অঞ্চলের প্রধান মাইখাইলো সেমিকিন জানিয়েছেন, কমিশুভাখা গ্রামে কমপক্ষে নয়টি ৩ হাজার কেজি ওজনের বোমার আঘাতে এই হতাহতের ঘটনা ঘটে। এই হামলায় আরও পাঁচজন আহত হয়েছেন এবং ঘটনার পর প্রাথমিকভাবে ২৭ জন নিখোঁজ থাকার খবর পাওয়া গিয়েছিল।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, মানবিক সহায়তার কাজে ব্যবহৃত স্থানীয় একটি স্কুলে প্রথম আঘাত হানার পর, মানুষ যেখানে আশ্রয় নিয়েছিল সেই স্থানে দ্বিতীয়বার হামলা চালানো হয়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওতে তিনি হামলার পর তৈরি হওয়া বিশালাকার গর্ত এবং ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকারীদের তল্লাশির দৃশ্য তুলে ধরেন। তবে এ বিষয়ে রাশিয়ার সামরিক বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রকাশ্য মন্তব্য পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে প্রেসিডেন্ট জেলেনস্কি নিহতের সংখ্যা ১৮ বলে জানিয়েছিলেন। পরবর্তীতে ইউক্রেনের জরুরি সেবা বিভাগ (ডিএসএনএস) ২৪ জনের মৃত্যুর কথা নিশ্চিত করে, যার মধ্যে দুজন উদ্ধারকারী ও চারজন পুলিশ সদস্য রয়েছেন। সোমবার রাতে দেওয়া ভিডিও ভাষণে জেলেনস্কি নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেন।

জেলেনস্কি আরও অভিযোগ করেন, রুশ সেনারা নিশ্চয়ই জানত যে কমিশুভাখায় যেসব স্থানীয় বাসিন্দা রয়ে গেছেন, তারা প্রতি সোমবার সেখানে মানবিক সাহায্য নিতে আসেন। তিনি বলেন, এই হামলা প্রমাণ করে যে রাশিয়া পরিস্থিতির কোনো উত্তেজনা হ্রাস করতে চায় না। যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় ওলেশকি থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার একটি সফল যৌথ অভিযানের কথা উল্লেখ করে তিনি বলেন, এক পর্যায়ে শান্তি সম্ভব মনে হলেও এই ধরনের হত্যাকাণ্ডের মাধ্যমে রাশিয়া ঠিক তার বিপরীত বার্তা দিচ্ছে।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রায় হামলা শুরু করে রাশিয়া। গত ফেব্রুয়ারিতে শান্তি আলোচনা স্থগিত হওয়ার পর আগামী কয়েকদিনের মধ্যে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের মধ্যে আবারও শান্তি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।