রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী সোলার এক্সপো-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী পুরো প্রদর্শনী ঘুরে দেখেন।
‘ছাদের প্রতিটি ইঞ্চি কাজে লাগান, সৌরবিদ্যুৎ থেকে আয় বাড়ান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত প্রদর্শনীটিতে সৌরবিদ্যুৎ সম্পর্কিত আধুনিক প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। এই এক্সপোতে নীতিনির্ধারক, সরকারি বিভিন্ন সংস্থা, উন্নয়ন সহযোগী, আর্থিক প্রতিষ্ঠান, প্রযুক্তি সরবরাহকারী এবং উদ্যোক্তারা অংশগ্রহণ করছেন। নবায়নযোগ্য জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়, যেমন সরকারি প্রণোদনা, আধুনিক পরিবেশবান্ধব প্রযুক্তি, কর ও শুল্ক সুবিধা, সবুজ ও জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিট এবং সৌরচালিত সেচব্যবস্থা ও দক্ষতা উন্নয়নের সুযোগ এখানে তুলে ধরা হচ্ছে।
বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) প্রথমবারের মতো যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করেছে। জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০) বাস্তবায়নে সহায়তা করা এবং সৌরবিদ্যুতের প্রসারে সরকারি নীতি ও প্রণোদনা সম্পর্কে সংশ্লিষ্ট অংশীজনদের অবহিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সচিব এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।