যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য ভারমন্টে স্থানীয় সময় ভোর পাঁচটায় ভোটকেন্দ্রগুলো খুলে দেয়া হয়েছে। বিবিসি জানিয়েছে, এই রাজ্যটিতে ইতোমধ্যে ৩০ শতাংশ ভোটার অগ্রিম ভোট প্রদান করেছেন।

পর্যায়ক্রমে দেশটির অন্যান্য অঞ্চলেও ভোটগ্রহণ শুরু হচ্ছে। পূর্ব উপকূলের নিউ ইয়র্ক, নিউ জার্সি, ভার্জিনিয়া এবং মেইন অঙ্গরাজ্যে ঘণ্টা খানেকের মধ্যেই ভোটগ্রহণ শুরু হওয়ার কথা। এছাড়া ওহিও এবং নর্থ ক্যারোলিনায় স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় এবং মিশিগানে সকাল ৭টায় ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

ভোটগ্রহণের মতো ভোট শেষ হওয়ার সময়সূচিও বিভিন্ন রাজ্যের জন্য ভিন্ন। ইন্ডিয়ানা এবং কেন্টাকিতে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ বন্ধ হবে। এছাড়া কানসাসে সন্ধ্যা ৭টায় এবং মিশিগানে রাত ৮টায় ভোটগ্রহণ সমাপ্ত হবে।

এবারের নির্বাচনে ২৩ কোটির বেশি যোগ্য ভোটার তাদের প্রতিনিধি নির্বাচনে ভোট দিচ্ছেন। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসন এবং সিনেটের ৩৫টি আসনে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর পাশাপাশি ৩৬টি অঙ্গরাজ্যে ভোটাররা গভর্নর নির্বাচিত করার জন্য ভোট দিচ্ছেন।

সিএনএনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই প্রাথমিক ফলাফল আসার সম্ভাবনা রয়েছে। তবে অনেক রাজ্যের চূড়ান্ত ফলাফলের জন্য বুধবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।