দেশের সব সরকারি কলেজে বর্তমানে পাঠদান করা বিষয়গুলোর অনুমোদনের অনুলিপি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। ২০১৮ সালে জাতীয়করণকৃত কলেজসহ অধিদপ্তরের অধীনস্থ সব সরকারি কলেজের উচ্চমাধ্যমিক, ডিগ্রি, অনার্স ও মাস্টার্স পর্যায়ের অনুমোদিত বিষয়ের কপি এই তালিকার অন্তর্ভুক্ত করতে হবে।

সোমবার (২ নভেম্বর) মাউশির উপ-পরিচালক শওকত হোসেন মোল্যা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, সংশ্লিষ্ট কলেজগুলোতে পদসৃজনের প্রক্রিয়ার জন্য এই অনুমোদনের কপি প্রয়োজন।

নির্দেশনা অনুযায়ী, উচ্চমাধ্যমিক পর্যায়ের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক এবং ডিগ্রি, অনার্স ও মাস্টার্স পর্যায়ের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত অনুমোদনের অনুলিপি (হার্ডকপি) জমা দিতে হবে। আগামী ৮ নভেম্বরের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশের উপপরিচালক, এইচআরএম (কক্ষ নং-৫৩০) বরাবর এই নথিপত্র প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।