প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামী বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপকূলীয় জেলা বাগেরহাট সফরে আসছেন তারেক রহমান। তাঁর এই আগমনকে কেন্দ্র করে পুরো জেলাজুড়ে এখন সাজ সাজ রব। মাজার জিয়ারত এবং কাটাখালী মোড়ে আয়োজিত পথসভাকে ঘিরে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

সফর নির্বিঘ্ন করতে জেলা বিএনপির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংস্কারকাজ। বিশেষ করে মাজার প্রাঙ্গণ এবং পথসভাস্থল হিসেবে নির্ধারিত কাটাখালী মোড় প্রস্তুত করতে সংশ্লিষ্ট ব্যক্তিরা নিরলস কাজ করছেন। অনুষ্ঠানস্থলের ব্যবস্থাপনা ও জনসমাগম নিয়ন্ত্রণের বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম জানান, সফরটি সফল করতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন এবং এই সফরের মধ্য দিয়ে বাগেরহাটের উন্নয়ন ও উপকূলীয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের নতুন সম্ভাবনা তৈরি হবে।

দলীয় নেতাকর্মীদের উচ্ছ্বাসের পাশাপাশি সাধারণ মানুষের প্রত্যাশার পারদও বেশ উঁচু। উপকূলীয় এই জেলার বাসিন্দারা দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চনা, সুপেয় পানির তীব্র সংকট, উন্নত চিকিৎসাসেবার অভাব এবং দুর্বল যোগাযোগব্যবস্থার মতো মৌলিক সমস্যায় ভুগছেন। স্থানীয়দের দৈনন্দিন জীবন এসব অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

বিশেষ করে সুপেয় পানির সংকট নিরসন এবং একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি জেলাবাসীর দীর্ঘদিনের। বাগেরহাট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুন বলেন, বাগেরহাটের মানুষের জন্য একটি মেডিকেল কলেজ অত্যন্ত প্রয়োজন। একই সঙ্গে জেলার বিভিন্ন এলাকায় সুপেয় পানির সংকট রয়েছে। এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। স্থানীয় বাসিন্দাদের আশা, প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে এসব সমস্যা সরকারের নজরে আসবে এবং জেলায় উন্নয়ন কার্যক্রমে নতুন গতির সঞ্চার হবে।