যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ফলাফল আসতে শুরু করেছে। নির্বাচনের প্রাথমিক ফলাফলেই ডেমোক্রেটরা রিপাবলিকানদের কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ সিনেট আসন ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে। এর পাশাপাশি জর্জিয়া ও নিউ হ্যাম্পশায়ারের মতো গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে ডেমোক্রেট প্রার্থীরা তাদের জয় ধরে রেখেছেন। গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, নর্থ ক্যারোলাইনায় সাবেক গভর্নর রয় কুপার জয়লাভ করেছেন, যা ২০০৮ সালের পর এই রাজ্যে প্রথম কোনো ডেমোক্রেট সিনেটর নির্বাচিত হওয়ার ঘটনা। সিনেটের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ক্ষেত্রে এই আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

নির্বাচনের অন্যান্য ফলাফলের দিকে তাকালে দেখা যায়, জর্জিয়া থেকে জন ওসফ এবং নিউ হ্যাম্পশায়ার থেকে ক্রিস পাপাস জয়ী হয়েছেন। ফ্লোরিডায় ডেমোক্রেট ক্যাথি কাস্টর তার হাউস আসনটি ধরে রেখেছেন এবং জ্যারেড মস্কোউইটজও জয় পেয়েছেন, যদিও এই আসনটি রিপাবলিকানদের অনুকূলে পুনর্গঠন করা হয়েছিল। এছাড়া ফ্লোরিডার হাউস আসনে জয় পেয়েছেন ডেবি ওয়াসারম্যান শুল্টজ এবং ভার্জিনিয়ায় মার্ক ওয়ার্নার পুনর্নির্বাচিত হয়েছেন। ফ্লোরিডায় ইউএস সিনেট আসনে অ্যাশলে মুডি বিজয়ী হয়েছেন।

ইতিমধ্যে ১৯টি অঙ্গরাজ্য এবং ওয়াশিংটন ডিসিতে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। দ্য অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর বুথফেরত জরিপ বলছে, ভোটারদের মধ্যে ৩৯ শতাংশ অর্থনীতি এবং ৩২ শতাংশ গণতন্ত্রের অবস্থা নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন। অন্যান্য উদ্বেগের মধ্যে রয়েছে অভিবাসন (১৪ শতাংশ) এবং স্বাস্থ্যসেবা (৮ শতাংশ)। জরিপে দেখা গেছে, প্রায় ৬০ শতাংশ ভোটার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দায়িত্ব পালনের ধরনে অসন্তুষ্ট এবং ৭০ শতাংশ মনে করেন কংগ্রেস প্রেসিডেন্টের ওপর পর্যাপ্ত নজরদারি করছে না।

এদিকে ডেমোক্রেট কৌশলবিদ জেসিকা টারলভের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়েছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন যে তিনি ফক্স নিউজে নির্বাচনের খবর দেখছেন। যদিও প্রাথমিক এই ফলাফলগুলো ডেমোক্রেটদের জয়ের একটি পূর্বাভাস দিচ্ছে, তবুও চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে।