রাজধানীর পল্লবী থানার মিরপুর-৬ সি ব্লকের ৪ নম্বর অ্যাভিনিউয়ের ১২ নম্বর বাড়ির সামনে এজিআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের অফিসের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

বিস্ফোরণে কুরিয়ার সার্ভিসের কর্মচারী রমজান ওরফে বাপন (২১) গুরুতর আহত হয়েছেন। তিনি ওই প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, কুরিয়ার সার্ভিসের সামনে প্রথমে একটি ককটেল বিস্ফোরিত হয় এবং এর কিছুক্ষণ পরেই দ্বিতীয় ককটেলটি ছোড়া হয়। এ সময় সেখানে কর্মরত বাপনের শরীরে আগুন লেগে যায়। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যার পর এজিআর কুরিয়ার সার্ভিসের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এতে প্রতিষ্ঠানটির একজন কর্মচারী আহত হয়েছেন।