আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং মাদক নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখায় টানা চতুর্থবারের মতো সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা পেয়েছেন সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. রাকিবুল হাসান। মঙ্গলবার সিরাজগঞ্জ পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা কনস্টেবল আলাউদ্দিন ড্রিলশেডে আয়োজিত পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান সভাটি সঞ্চালনা করেন। সভা শেষে অক্টোবর মাসের কাজের মূল্যায়নের ভিত্তিতে তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে ঘোষণা করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সঠিক নেতৃত্বের মাধ্যমে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে রাকিবুল হাসানকে এই সম্মাননা দেওয়া হয়েছে। এর আগেও তিনি জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর মাসের কাজের জন্য টানা তিনবার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সম্মাননা অর্জন করেছিলেন।
পুরস্কার পাওয়ার পর ওসি মো. রাকিবুল হাসান বলেন, সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের দিক-নির্দেশনা, সিরাজগঞ্জের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা এবং সদর থানা পুলিশের চৌকস টিমের নিরলস পরিশ্রমের ফলেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে।