সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ও দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি কার্যালয় থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি সূত্র ইকবাল সোবহান চৌধুরীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে। তবে ঠিক কী কারণে বা কোন মামলায় তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
প্রবীণ এই সাংবাদিক ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন। এর আগে গত ১৫ এপ্রিল ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার চেষ্টা করলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়। সেদিন সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার জেদ্দা যাওয়ার কথা ছিল।
আত্মগোপনে থাকার মাঝে ওই বছরের সেপ্টেম্বর মাসে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর জানাজায় অংশ নিতে যান ইকবাল সোবহান চৌধুরীসহ আওয়ামীপন্থী কয়েকজন জ্যেষ্ঠ সাংবাদিক। সে সময় জানাজা প্রাঙ্গণে জামায়াত নেতাদের সঙ্গে একই টেবিলে বসা তাদের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। সেই ঘটনার পর থেকে ইকবাল সোবহান চৌধুরীকে আর প্রকাশ্যে দেখা যায়নি।