প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পিএম। বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেফতার ১৯ বছর বয়সী জেরিকা তাসনীম দিশার ফের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে তিনি চারদিনের রিমান্ডে ছিলেন। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন দিশাকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডের আবেদন জানান। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
তদন্ত কর্মকর্তার রিমান্ড আবেদনে বলা হয়, তাহসিফের মোবাইল ফোনের কললিস্ট বা সিডিআর পর্যালোচনায় ঘটনার আগে দিশার সঙ্গে তার একাধিকবার কথোপকথনের তথ্য পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে এই হত্যাকাণ্ডে দিশার সম্পৃক্ততার প্রমাণ মিলেছে বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন, অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেফতার, ঘটনার স্থান নির্ধারণ এবং আলামত উদ্ধারের জন্য দিশাকে নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। এছাড়া মামলার অপর আসামি দীপের দেওয়া তথ্যের সঙ্গে দিশার বক্তব্য মুখোমুখি যাচাই করার জন্য এই রিমান্ড জরুরি বলে আদালতকে জানানো হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু দীপের ডাকে বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। রাত ১টা ৩৫ মিনিটে তাহসিফের ফোন থেকে মেসেঞ্জারে একটি ভয়েস মেসেজ আসে, যেখানে তিনি জানান, ‘রওনা দিয়েছি, আসছি’। এরপর আর বাসায় ফেরেননি তিনি। পরদিন ২৮ অক্টোবর বিকেল ৫টা ২০ মিনিটে উত্তরখানের রাজাবাড়ী ঘাট এলাকায় তুরাগ নদ থেকে তাহসিফের লাশ উদ্ধার করে নৌ পুলিশ। ৩০ অক্টোবর রাতে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে উত্তরখান থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ এ মামলায় দীপকে গ্রেফতার করে।