সাভারে হেমায়েতপুর পদ্মার মোড়ে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ওসিসহ ৭ পুলিশ আহত, পুলিশের গাড়িতে আগুন

মোঃ রনি হাবিব
বিশেষ প্রতিনিধি সাভার ( ঢাকা)

সাভার, হেমায়েতপুর | ০৪ নভেম্বর ২০২৬(বুধবার)
সাভারের হেমায়েতপুর পদ্মার মোড় এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম সহ অন্তত ৭ পুলিশ সদস্য আহত হয়েছেন। সংঘর্ষের এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন।

সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর পদ্মার মোড় এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সংঘর্ষ চলাকালে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে ওসিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে বিক্ষুব্ধরা পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন লাগিয়ে দেন। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে গাড়িটি পুড়ে যায়। কালো ধোঁয়ায় পুরো এলাকা ছেয়ে যায়। ছবিতে দেখা যায়, দাউ দাউ করে জ্বলছে পুলিশের গাড়িটি, আর আতঙ্কে ছোটাছুটি করছেন সাধারণ মানুষ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পদ্মার মোড় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল এখনো স্বাভাবিক হয়নি।

আহত পুলিশ সদস্যদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।