বাবার পদাঙ্ক অনুসরণ করে বিশ্ব ফুটবলের আলোয় নিজেকে মেলে ধরার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র। পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর বড় ছেলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পর্তুগালের অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল দলে। আগামী বছরের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ম্যাচগুলোকে সামনে রেখে ঘোষিত ২৩ সদস্যের স্কোয়াডে জায়গা হয়েছে ১৬ বছর বয়সী এই তরুণ ফরোয়ার্ডের।
আসন্ন ইউরোপীয় অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে পর্তুগাল তাদের মিশন শুরু করবে ১১ নভেম্বর অ্যান্ডোরার বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১৪ নভেম্বর বুলগেরিয়া এবং ১৭ নভেম্বর সার্বিয়ার মুখোমুখি হবে দলটি। পরবর্তী রাউন্ডে জায়গা নিশ্চিত করতে গ্রুপে শীর্ষ দুই দলের একটি হতে হবে পর্তুগিজদের। এই তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের ট্রেনিং গ্রাউন্ডে।
উইঙ্গার পজিশনে খেলা ক্রিশ্চিয়ানো জুনিয়র বর্তমানে ক্লাব ফুটবলে সৌদি প্রো লিগের দল আল নাসরের বয়সভিত্তিক দলের হয়ে খেলছেন। এর আগে তিনি পর্তুগালের অনূর্ধ্ব-১৫ এবং অনূর্ধ্ব-১৬ দলেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। অনূর্ধ্ব-১৫ দলের হয়ে এক টুর্নামেন্টের ফাইনালে জোড়া গোল করে দলকে শিরোপা জিতিয়েছিলেন তিনি। পরবর্তীতে অনূর্ধ্ব-১৬ দলের হয়ে ৯টি ম্যাচ খেলে ৩টি গোল আদায় করে নেন এই তরুণ তুর্কি। বয়স ভিত্তিক দলগুলোতে ধারাবাহিকভাবে দারুণ পারফর্ম করার ফলেই অনূর্ধ্ব-১৭ দলে খেলার এই সুযোগ এল তার সামনে।
ছেলের এই অর্জনের পাশাপাশি ফুটবলপ্রেমীদের নজর এখন রয়েছে বাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর দিকেও। আগামী শুক্রবার পর্তুগাল জাতীয় দলের নতুন স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে। ৪১ বছর বয়সী এই মহাতারকা ফরোয়ার্ড দেশের হয়ে আসন্ন টুর্নামেন্টের ম্যাচগুলোতে স্কোয়াডে জায়গা পান কি না, সেটিই এখন দেখার বিষয়। ভক্ত-সমর্থকদের প্রত্যাশা, বাবা ও ছেলে একসঙ্গে পর্তুগালের ফুটবল আঙিনায় আলো ছড়াবেন।