চট্টগ্রাম নগরের পতেঙ্গায় ৮ বছরের এক শিশুকে ইট দিয়ে মাথা থেঁতলে হত্যার দায়ে প্রতিবেশী ইমরান হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১১-এর বিচারক নিষ্কৃতি হাগিদক এই রায় ঘোষণা করেন। দণ্ডিত ইমরান হোসেনের বয়স ২৮ বছর এবং তাঁর বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ পশ্চিমপাড়ার রব চৌকিদার মাঝির বাড়িতে।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, আদালত ইমরান হোসেনকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে তাঁকে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না, তাই তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ৮ মার্চ দুপুরে পতেঙ্গার খালপাড় এলাকায় শিশুটি খেলছিল। তখন রিকশাচালক ইমরান হোসেন তাকে বরই খাওয়ানোর প্রলোভন দেখিয়ে একটি পরিত্যক্ত ভাড়া ঘরে নিয়ে যান। সেখানে ৫০ টাকা দিয়ে অনৈতিক কাজে প্রলুব্ধ করার চেষ্টা করলে শিশুটি বাধা দেয় এবং চিৎকার করে পালানোর চেষ্টা করে। এতে ক্ষিপ্ত হয়ে ইমরান ইট দিয়ে শিশুটির মাথা ও কপালে উপর্যুপরি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার দিন সন্ধ্যায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে পরিত্যক্ত ঘর থেকে শিশুটির মরদেহ এবং পাশে রক্তমাখা ইট উদ্ধার করেন। এই ঘটনায় শিশুটির বাবা পতেঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ইমরানকে গ্রেপ্তার করলে তিনি আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। ২০১৮ সালের ১০ আগস্ট পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয় এবং ২০১৯ সালের ২৭ আগস্ট অভিযোগ গঠনের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু হয়। ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আদালত এই রায় প্রদান করেন। রায়ের প্রতিক্রিয়ায় নিহত শিশুর বাবা সন্তোষ প্রকাশ করে আসামির মৃত্যুদণ্ড দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন।