রাজধানীর মোহাম্মদপুরের সিটি হাসপাতালে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা আব্দুর সালামকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত আব্দুর সালাম ঢাকা মহানগর পশ্চিম শাখার অধীনস্থ সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউট ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে কেন্দ্রীয় সংসদ এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
গত বৃহস্পতিবার জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সালামকে বহিষ্কারের এই সিদ্ধান্ত অনুমোদন করেন। ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে সাংগঠনিক পদ থেকে তার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।
ঘটনার বিবরণীতে জানা যায়, গত মঙ্গলবার গভীর রাতে ৭০ থেকে ৮০ জন যুবককে সঙ্গে নিয়ে আব্দুর সালাম মোহাম্মদপুরের সিটি হাসপাতালে প্রবেশ করেন। হামলাকারীরা শুরুতেই হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) খুঁজতে থাকেন। তাঁকে না পেয়ে সেখানে কর্মরত এক কর্মীকে বেদড়ক মারধর করা হয়। এরপর হাসপাতাল চত্বরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এই তাণ্ডবে হাসপাতালে আনুমানিক ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হামলার পটভূমি তুলে ধরে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ঘটনার কিছু সময় আগে এক নারী রোগী চিকিৎসা সেবা নিতে আসেন এবং তাঁর স্বজনেরা চিকিৎসাবিলে ছাড় চান। কর্তৃপক্ষ বিলে ছাড় দেওয়ার পর তারা সমুদয় বিল পরিশোধ করে হাসপাতাল ত্যাগ করেন। তবে চলে যাওয়ার মাত্র ১০ মিনিটের মাথায় আব্দুর সালামের নেতৃত্বে একদল সশস্ত্র যুবক হাসপাতালে ঢুকে এই হামলা চালায়। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ জানানো হলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।