শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কার্যক্রমের সূচনা করেন। একই সময়ে প্রধানমন্ত্রী অনলাইনে যুক্ত হয়ে সারা দেশের ৫০৩টি উপজেলায় এই আসরের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

খুলনা সফরের অংশ হিসেবে এদিন প্রধানমন্ত্রী মোংলা বন্দর থেকে বাগেরহাটে হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এরপর তিনি কাটাখালী ও কুদির বটতলা হয়ে খুলনা সার্কিট হাউজে পৌঁছান এবং সেখান থেকে জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন।

এর আগে দুপুর ২টা ১৬ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ‘সবার আগে বাংলাদেশ’ বাসটি খুলনার প্রবেশদ্বার রূপসা উপজেলার তিলক কুদির তলায় নির্মিত পথসভা মঞ্চের পাশে এসে থামে। গাড়ি থেকে নেমে তিনি সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং জনগণের সঙ্গে হাত মেলান।

মঞ্চে দেওয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী সরকারের উন্নয়ন পরিকল্পনা ও নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়গুলো তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী ভারত থেকে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও নাশকতার পরিকল্পনা করছেন। এসব ষড়যন্ত্র মোকাবিলায় চব্বিশের মতো আরো একটি গণআন্দোলন গড়ে তোলার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।