পটুয়াখালীর কুয়াকাটায় আয়োজিত ‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬’ সফলভাবে সম্পন্ন করায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের (বিপিসি) ২ জন কর্মকর্তা ও ২টি শাখাকে বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিপিসির প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত বিশেষ মূল্যায়ন সংক্রান্ত এক অনানুষ্ঠানিক আয়োজনে বিজয়ী কর্মকর্তা ও প্রতিনিধি শাখাগুলোর হাতে সম্মাননা স্মারক এবং মোবাইল ফোন উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। এতে বিশেষ অতিথি ও অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান এবং করপোরেশনের পরিচালক (বাণিজ্যিক) মো. গনী উল আজম। এছাড়া বিপিসির অন্যান্য পরিচালকবৃন্দ, মহাব্যবস্থাপকগণ এবং প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
আয়োজনে জানানো হয়, দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য ‘সাগরকন্যা’ কুয়াকাটার সম্ভাবনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরতে বিপিসি এই কার্নিভালের আয়োজন করেছিল। মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের কঠোর পরিশ্রম ও সুশৃঙ্খল সমন্বয়ের মাধ্যমেই এই বিশাল কর্মযজ্ঞ সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। এই স্বীকৃতি ও পুরস্কার ভবিষ্যতে করপোরেশনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের আরও নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করতে অনুপ্রেরণা জোগাবে।
কার্নিভাল সফল বাস্তবায়নে মাঠপর্যায়ে সার্বিক সমন্বয়, চমৎকার ভেন্যু ব্যবস্থাপনা, ব্যাপক প্রচার-প্রচারণা এবং পর্যটকদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতকরণে বিশেষ অবদানের জন্য ব্যক্তিপর্যায়ে ২ জন কর্মকর্তাকে সম্মাননা দেওয়া হয়। একইসঙ্গে দলগতভাবে দক্ষ পরিচালনা এবং পর্যটন সেবার উচ্চ মান ধরে রাখার স্বীকৃতি হিসেবে শাখা পর্যায় থেকে বিপিসির ২টি শাখাকে পুরস্কৃত করা হয়।
উল্লেখ্য, গত ২৩ ও ২৪ অক্টোবর ২০২৬ তারিখে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে দুই দিনব্যাপী বর্ণাঢ্য এই পর্যটন কার্নিভাল অনুষ্ঠিত হয়। কার্নিভালে বিচ ক্রিকেট, ফুটবল ম্যাচ, ঘুড়ি উৎসব, আকর্ষণীয় মিউজিক কনসার্ট এবং ঐতিহ্যবাহী পিঠা উৎসবসহ নানা সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। চমৎকার এই আয়োজনটি দেখতে ও উপভোগ করতে দেশি-বিদেশি লাখো পর্যটকের সমাগম ঘটে।