সরকারের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা ঋণ ও অনুদান পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার চেষ্টা করছে একটি চক্র। বিকাশসহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার এই অপচেষ্টার বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পিএম কেন্দ্রীয় ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজে এই সতর্কবার্তা প্রকাশ করা হয়।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ‘উদ্যোগ’ নামে তাদের কোনো আনুষ্ঠানিক ফেসবুক পেজ বা অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে অফিসিয়াল অ্যাকাউন্ট নেই। উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি ‘উদ্যোগ’-এর সব কার্যক্রম স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে পরিচালিত হচ্ছে। এই কর্মসূচির আওতায় ঋণ পাওয়ার নিশ্চয়তা দেওয়া কিংবা ঋণ পাইয়ে দেওয়ার নামে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অর্থ প্রদান না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক আরও সতর্ক করে বলেছে, ‘উদ্যোগ’ কর্মসূচির নামে ভুয়া পেজ বা অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার কিংবা প্রতারণামূলক কার্যক্রম চালানো হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-সংক্রান্ত আইনসহ প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, তরুণদের উদ্ভাবনী উদ্যোগে অর্থায়ন ও নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা করেছে। এর অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি-উদ্যোগ (UDYOG)’ চালু করেছে। এই কর্মসূচির আওতায় তরুণ উদ্যোক্তারা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পাবেন, যার মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং সমপরিমাণ অর্থ এককালীন অনুদান হিসেবে দেওয়া হবে। দেশের প্রান্তিক ও উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করাই এই কর্মসূচির লক্ষ্য। গত ১৩ সেপ্টেম্বর এর নীতিমালা জারি করা হয়। প্রথম পর্যায়ে আট জেলায় আবেদন গ্রহণের পর গত ১ নভেম্বর থেকে অবশিষ্ট ৫৬ জেলায় আবেদন গ্রহণ শুরু হয়েছে।