সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে গোলশূন্য সমতা নিয়ে বিরতিতে গেছে বাংলাদেশ। ম্যাচে শুরু থেকেই টমাস ডুলির শিষ্যরা দাপট দেখিয়ে একের পর এক আক্রমণ তৈরি করলেও ফিনিশিংয়ের ব্যর্থতায় গোলের খাতা খুলতে পারেনি তারা।
ম্যাচ শুরুর ঠিক আগমুহূর্তে বাংলাদেশ দল বড় এক ধাক্কা খায় অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মনকে হারিয়ে। ওয়ার্মআপের সময় চোট পাওয়ায় শেষ মুহূর্তে তিনি শুরুর একাদশ থেকে ছিটকে পড়েন। তার পরিবর্তে একাদশে সুযোগ পান কাজেম শাহ এবং অধিনায়কের আর্মব্যান্ড ওঠে জামাল ভূঁইয়ার হাতে।
ম্যাচের শুরু থেকেই স্বাগতিকরা বলের নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার করে খেলেছে। উইং দিয়ে আক্রমণের পাশাপাশি মাঝমাঠ থেকেও বেশ কিছু সুযোগ তৈরি হয়েছিল। বিশেষ করে রাইট ব্যাক থেকে সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলতে নামা বিশ্বনাথ ঘোষ প্রথমার্ধে গোলের একাধিক সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছেন। ৬, ১৮, ২৫ ও ৩৯ মিনিটে তার নেয়া শট ও হেড লক্ষ্যভ্রষ্ট হওয়ায় গ্যালারির দর্শকরা হতাশ হয়েছেন। এছাড়া ৪৪ মিনিটে জামাল ভূঁইয়ার ফ্রি-কিক থেকে শমিত সোমের হেড ডি-বক্সে ঠিকমতো কাজে লাগাতে পারেননি কেউ।
পুরো প্রথমার্ধে বাংলাদেশ গোলমুখে একক আধিপত্য বজায় রাখলেও ভুটান মূলত নিজেদের রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিল। ম্যাচের ৪০ মিনিটে ভুটানিরা তাদের প্রথম ও একমাত্র শটটি নিতে পারে, যা সহজেই লুফে নেন গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ। প্রথমার্ধের শেষ দিকে হেডার নিতে গিয়ে মাথায় চোট পেয়ে ভুটানের অর্গিয়েন ওয়াংচুককে অ্যাম্বুলেন্সে করে মাঠ ছাড়তে হয়। শেষ পর্যন্ত গোলশূন্য থেকেই বিরতিতে যায় দু’দল।