সরকারি কর্মচারীদের বেতন গ্রেড এবং বিভিন্ন ভাতার অসংগতি পর্যালোচনা ও নিষ্পত্তির লক্ষ্যে সরকার একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং একই দিনে এ বিষয়ে গেজেট প্রকাশিত হয়।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে এই ছয় সদস্যের কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্য হিসেবে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, কমিটি সরকারি কর্মচারীদের বেতন স্কেলের বিভিন্ন অসংগতি ও অভিযোগ পর্যালোচনা করে তা নিরসনের জন্য প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে। এছাড়া বেতন গ্রেড উন্নীতকরণ, অবনমন এবং বেতন কাঠামোর সামঞ্জস্য বিধানের বিষয়েও তারা পরামর্শ দেবে। একই সঙ্গে বিদ্যমান ঝুঁকিভাতা ও অন্যান্য ভাতার হার হ্রাস-বৃদ্ধি বা নতুন করে ভাতা চালুর বিষয়টিও এই কমিটির পর্যালোচনার অন্তর্ভুক্ত থাকবে।

কমিটির কাজের সুবিধার্থে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বা সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এবং অর্থ বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা প্রদান করবেন। প্রয়োজনে এই কমিটিতে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে। কমিটির সভাগুলো প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং অর্থ বিভাগ সাচিবিক দায়িত্ব পালন করবে।