পিরোজপুর-বরিশাল মহাসড়কের রানীপুর এলাকায় শনিবার (৪ এপ্রিল) দুপুরে ঘটে যায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। ঢাকা থেকে ভান্ডারিয়াগামী ‘পালকি পরিবহন’ এবং চরমোনাইয়ের মাহফিল থেকে ফেরত আসা ‘মোল্লা ট্রাভেলস’ নামের দুটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় ‘মোল্লা ট্রাভেলস’ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে অন্তত ৬ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
বাসটির যাত্রীরা অভিযোগ করেন, বিপরীত দিক থেকে আসা ‘পালকি পরিবহন’ অতিরিক্ত গতিতে থাকায় এই দুর্ঘটনা ঘটে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। আহতদের দ্রুত উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।