রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক ড. মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) মধ্যরাত থেকে শুরু হওয়া এই বিক্ষোভ শনিবার সকাল পর্যন্ত অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা মূলত অধ্যক্ষের বিরুদ্ধে দীর্ঘদিনের অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছেন। আন্দোলনের অন্যতম কারণ হিসেবে তারা সম্প্রতি দুই আবাসিক শিক্ষার্থীর হলের আসন বাতিল এবং অডিটোরিয়ামের বিদ্যুৎ বিল বাবদ ১২ হাজার ৬০০ টাকা জরিমানা করার বিষয়টিকে উল্লেখ করেছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, পূজার ছুটির আগে কলেজ অডিটোরিয়ামে মাস্টার্স শেষ বর্ষের (২০২০-২১ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানটি প্রথমে রাত ১০টার মধ্যে শেষ করার নির্দেশনা থাকলেও পরে শিক্ষার্থীদের অনুরোধে সময় বাড়িয়ে রাত ১২টা করা হয়। তবে অনুষ্ঠান শেষ হতে ভোর ৪টা থেকে ৫টা বেজে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে অধ্যক্ষ শিক্ষার্থীদের শাস্তিস্বরূপ ১২ হাজার ৬০০ টাকা জরিমানা দাবি করেন।

২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাবাসসুম জানান, জরিমানার টাকা পরিশোধ করা সম্ভব না হওয়ায় তারা ক্ষমা চাইতে গেলে অধ্যক্ষ তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তিনি অভিযোগ করেন, এক শিক্ষার্থী অধ্যক্ষের পা ধরে ক্ষমা চাইতে গেলে তিনি তাকে পা দিয়ে ধাক্কা দেন।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন। সে সময় তারা ‘দফা এক দাবি এক, প্রিন্সিপালের পদত্যাগ’ এবং ‘প্রিন্সিপালের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ স্লোগানে উত্তাল করে তোলেন পুরো ক্যাম্পাস। অধ্যক্ষের বিরুদ্ধে আনা এসব অভিযোগের প্রেক্ষিতেই মূলত এই লাগাতার আন্দোলনের সূচনা হয়েছে।

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ১১: ২৯আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ১১: ২৯