নড়াইলের লোহাগড়ায় কাশিপুর অম্বিকাচরণ (এসি) মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদসহ বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে একটি স্মৃতিচারণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের সভাপতি মো. আব্দুর রহিম শেখের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের খুলনা অঞ্চলের উপপরিচালক এস এম ছায়েফুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাক্তন শিক্ষার্থী মো. শিমুল মোল্যা ও মো. হুমায়ুন কবির।
স্মরণসভায় বক্তারা প্রয়াত শিক্ষক ও কর্মচারীদের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। নড়াইল জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দীন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারা হোসেন, বিসিএস স্বাস্থ্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম, বিসিএস শিক্ষা কর্মকর্তা প্রদীপ চক্রবর্তী ও পরিতোষ কুমার হোডসহ অনেকে তাদের স্মৃতিচারণ করেন। এছাড়াও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তামান্না খানম, ব্যাংকার শাহারিয়ার সবুজ, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফকির মিরাজুল ইসলাম, চিকিৎসক ফারজানা আক্তার বিথী, সুশান্ত কুমার ঘোষ, শিক্ষক মো. শাহিনুর রহমান, মো. জাকির হোসেন, শাহ আলমগীর, মো. আমিনুল হক, মো. রকিবুল ইসলাম, মো. আতিকুল ইসলাম, ইকরাম শিকদার, আবু ছালে মুছা, মো. শওকত শেখ ও মুন্সী আরাফাত হোসেন বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, একজন আদর্শ শিক্ষক সততা, দক্ষতা, দেশপ্রেম ও নৈতিকতার মাধ্যমে শিক্ষার্থীদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকেন। প্রয়াত শিক্ষকরা শিক্ষার্থীদের শুধু স্বপ্ন দেখাননি, বরং সেই স্বপ্ন পূরণের সঠিক দিকনির্দেশনাও দিয়ে গেছেন। তাদের এই মানবিক কর্মকাণ্ড আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
সভাপতির বক্তব্যে মো. আব্দুর রহিম শেখ প্রয়াত প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদসহ অন্য প্রয়াত শিক্ষক-কর্মচারীদের গুণাবলির কথা উল্লেখ করে বলেন, তারা শিক্ষার্থীদের জন্য পিতৃতুল্য অভিভাবক ছিলেন। তাদের শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তিনি ভবিষ্যতেও প্রয়াতদের স্মরণে দোয়া মাহফিল অব্যাহত রাখার ঘোষণা দেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রয়াতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আবু মুছা।