বগুড়ার সোনাতলা উপজেলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) সকালে উপজেলার ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। হামলাকারীরা পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করে এবং দুই পুলিশ সদস্যকে মারধর করে মারাত্মকভাবে বিঘ্ন সৃষ্টি করে। ঘটনার পর জড়িত থাকার সন্দেহে চার নারীকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, প্রতারণা মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকা ফুলবাড়িয়া গ্রামের সালাম মাস্টারের ছেলে গোলাম কবির সুমনকে (৩৬) ধরতে অভিযানে যায় পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে সোনাতলা থানার উপপরিদর্শক (এসআই) শিমুল কুমার দাস ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মেহেদী হাসান পুলিশের একটি পিকআপ ভ্যান নিয়ে ওই গ্রামে পৌঁছান। সুমনকে আটক করে গাড়িতে তোলার পরপরই স্থানীয় একদল লোক হঠাৎ হামলা চালায়। এ সময় তারা পুলিশ সদস্যদের মারধর করে আটক সুমনকে ছিনিয়ে নিয়ে যায় এবং পুলিশের গাড়িটিতে ভাঙচুর চালায়।
ঘটনার খবর পেয়ে সোনাতলা থানা থেকে দ্রুত অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলায় আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার নারীকে আটক করা হয়েছে এবং তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে উল্লেখ করেন তিনি।