কক্সবাজারের উখিয়ায় ১৩ হাজার ৮০৪ পিস ইয়াবাসহ সিএনজিচালিত অটোরিকশার এক চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মাদক পরিবহনের দায়ে অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশির সময় এসব ইয়াবা উদ্ধার করা হয়। বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪৬ লাখ ৪১ হাজার ২০০ টাকা।

উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম ঘটনার বিস্তারিত জানিয়ে বলেন, শুক্রবার বিকেলে হোয়াইক্যং থেকে রামুগামী একটি সিএনজি চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা সেটিতে তল্লাশি চালান। তল্লাশিকালে সিএনজির ভেতরে ডান পাশে একটি সন্দেহজনক চেম্বার দেখতে পান তারা। পরে চেম্বারটি খুলে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা খাকি রঙের প্যাকেটের ভেতরে নীল রঙের বায়ুরোধী প্যাকেটে মোড়ানো ওই ইয়াবাগুলো জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক বিজিবিকে জানিয়েছে, হোয়াইক্যং থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে সে রামুতে নিয়ে যাচ্ছিল। বিজিবি অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন।