ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর (হাজি পাড়া) এলাকায় অভিযান চালিয়ে দুই ভাইবোনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মোসাঃ বাবলি (২৬) ও মোঃ রুবেল রানা (৩২)। তাদের পিতা ছোট বাবু এবং মাতা মোসাঃ মেরিনা বেগম।

গত ৬ নভেম্বর বুধবার রাতে ডিবি পুলিশের একটি বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২২ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ১৪ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তল্লাশির সময় বাবলির মাথার চুলের খোপার ভেতর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

ঠাকুরগাঁও গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ এ টি এম গোলাম রসুল জানান, পুলিশ সুপার মো: বেলাল হোসেনের নির্দেশনায় মাদক ও অনলাইন জুয়া বিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও রোড এলাকায় এই অভিযান চালানো হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা চায়ের দোকান চালানোর আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত রুবেলের বিরুদ্ধে মাদকদ্রব্য সংশ্লিষ্ট আরও ১১টি মামলা রয়েছে। বর্তমানে এই ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।