আজ ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি সংজ্ঞা-নির্ধারণী তারিখ হিসেবে স্বীকৃত। দিনটি কেবল বর্ষপঞ্জির একটি তারিখ নয়, বরং এটি রাজনৈতিক অস্থিরতা, সামরিক শক্তির পুনর্বিন্যাস এবং বাংলাদেশি জাতীয়তাবাদী চেতনার জাগরণ ও সার্বভৌম পরিচয় প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মুহূর্ত। স্বাধীনতা-পরবর্তী সময়ে মানুষ যখন বাকস্বাধীনতা, রাজনৈতিক অধিকার ও সামাজিক সাম্য থেকে বঞ্চিত ছিল, সেই প্রেক্ষাপটে ৭ নভেম্বরের উত্তরাধিকার এখনো অত্যন্ত প্রাসঙ্গিক।
দিবসটি উপলক্ষে আজ দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। দেশের সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসসমূহে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়া গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং সকল সিটি কর্পোরেশন ও পৌরসভার যৌথ উদ্যোগে দেশের প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপসমূহ জাতীয় পতাকা দ্বারা সুসজ্জিত করা হবে।
জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে দেশের সকল মসজিদে মিলাদ-মাহফিল ও বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। এছাড়া দেশের সকল হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশুকেন্দ্র, শিশু পরিবার, শিশুসদন, কিশোর সংশোধনী কেন্দ্র, শান্তি নিবাস ও ভবঘুরে প্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। শিশুদের জন্য সকল সিটি কর্পোরেশন ও পৌরসভার ব্যবস্থাপনায় দিনব্যাপী বিনা টিকেটে পার্ক উন্মুক্ত থাকবে। নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় জেলা ও উপজেলা পর্যায়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ আলোচনা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় জাতীয় দৈনিক সংবাদপত্রসমূহে বিশেষ নিবন্ধ, সাহিত্য-সাময়িকী ও ক্রোড়পত্র প্রকাশ করা হবে। বাংলাদেশ টেলিভিশন, বেসরকারি টিভি চ্যানেল ও রেডিওতে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার এবং সিনেমা হল ও ভ্যানযোগে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী করা হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশাত্মবোধক গানের আসর, জেলা ও উপজেলা পর্যায়ে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা এবং প্রদর্শনী ফুটবল ম্যাচের আয়োজন করা হবে। এছাড়া শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে বিশেষ স্মারক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।