বিএনপি গায়ের জোরে বিভিন্ন সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১১টার দিকে গাইবান্ধা জেলা পরিষদ মিলনায়তনে রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত এনসিপির আঞ্চলিক সমন্বয় সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, জোরজবরদস্তি করে দীর্ঘদিন ক্ষমতায় থাকা সম্ভব নয়। অতীতেও ক্ষমতাসীনরা অনেক আইন পাস করেছে, কিন্তু শেষ পর্যন্ত সেসব আইন টেকেনি। তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও জুলাই সনদ বাস্তবায়নের পরিবর্তে বিএনপি ক্ষমতায় যাওয়ার লক্ষ্যেই বেশি তৎপর ছিল।
আওয়ামী লীগকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার বিষয়ে নাহিদ ইসলাম বলেন, দলটি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ওপর আওয়ামী লীগের নির্যাতনের ঘটনাগুলো ভুলে গেছে। আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে নির্যাতনের ইতিহাস এত সহজে ভুলে যাওয়ার সুযোগ নেই। তিনি সতর্ক করে বলেন, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার মাশুল বাবার মতো যেন প্রধানমন্ত্রীকে দিতে না হয়।
জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জামায়াতের সঙ্গে তাদের জোট এজেন্ডাভিত্তিক, এটি কোনো আদর্শিক জোট নয়। এছাড়া আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল সারা দেশে এককভাবে প্রার্থী দেবে বলেও জানান তিনি।
সমন্বয় সভায় এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ ও সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম দর্পনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এর আগে গাইবান্ধায় পৌঁছালে কেন্দ্রীয় নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় নেতাকর্মীরা।