নাটোর জেলার নলডাঙ্গা থানাধীন ৪ নম্বর পিপরুল ইউনিয়নের দুটি ভিন্ন স্থানে গলায় ফাঁস দিয়ে এক পুরুষ ও এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শুক্রবার (৬ নভেম্বর) রাত থেকে শনিবার (৭ নভেম্বর) ভোরের মধ্যবর্তী সময়ে এই ঘটনাগুলো ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম ঘটনাটি ঘটেছে পিপরুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কালিগঞ্জ গ্রামে। মৃত ব্যক্তি মো. আব্দুর রহিম (৬২) কালিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার বাসিন্দা এবং প্রয়াত ইসমত মোল্লার ছেলে। জানা গেছে, তিনি দীর্ঘ দিন ধরে শারীরিক অসুস্থতার কারণে তীব্র মানসিক অবসাদে ভুগছিলেন। শুক্রবার রাত ৯টা থেকে শনিবার ভোর ৫টার মধ্যে যেকোনো সময় তিনি নিজ বসতঘরের কাঠের রুয়ার সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত প্রক্রিয়া শুরু করে।

একই ইউনিয়নের ঠাকুর লক্ষ্মীপুর পশ্চিমপাড়া (বাবার মোড়) এলাকায় ঘটেছে দ্বিতীয় ঘটনাটি। নিহত মোছা. আমেনা বেগম (২৫) ওই এলাকার বাসিন্দা মো. মাঈন উদ্দিনের মেয়ে এবং মো. আশিক মিয়ার স্ত্রী। প্রাথমিক তথ্য অনুযায়ী, পারিবারিক কলহের জেরে শুক্রবার রাত ১১টা থেকে ১১টা ২০ মিনিটের মধ্যে তিনি নিজ বসতবাড়ির বারান্দা সংলগ্ন একটি ঘরের কাঠের রুয়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুটি মৃত্যুর ঘটনাই আলাদাভাবে খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন ও পূর্ণাঙ্গ তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।