জামালপুরের মেলান্দহ উপজেলায় একটি ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের বুরুঙ্গা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে শিমুলতলী থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। একই সময়ে জামালপুর থেকে মেলান্দহের দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল। হঠাৎ পেছন দিক থেকে আসা একটি ট্রাক প্রথমে মোটরসাইকেলটিকে চাপা দেয় এবং পরে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.টি.এম. মাহমুদুল হক জানিয়েছেন, ঘটনার পরপরই ঘাতক ট্রাক ও এর চালককে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।