বান্দরবানের লামা উপজেলার মাতামুহুরি নদী থেকে মংচেসা মার্মা (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার গজালিয়া ইউনিয়ন সংলগ্ন হোয়াইট পিক রিসোর্ট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মংচেসা মার্মা গজালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিনঝিরি পাড়ার বাসিন্দা মৃত পাইংসাউ মার্মার ছেলে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, ওই এলাকায় বন্যহাতি ও বন্যশূকরের উপদ্রব থেকে ফসল ও বাগান রক্ষার জন্য বিভিন্ন ধরনের ফাঁদ ব্যবহার করা হয়। এর মধ্যে স্থানীয় এক বাসিন্দার বাগানে অবৈধভাবে বৈদ্যুতিক তারের ফাঁদ পাতা ছিল। এলাকাবাসীর ধারণা, অসাবধানতাবশত ওই বৈদ্যুতিক ফাঁদে পড়েই বৃদ্ধের মৃত্যু হয়ে থাকতে পারে। এছাড়া ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে বলেও স্থানীয় পর্যায়ে গুঞ্জন রয়েছে। স্থানীয়দের দাবি, ঘটনার পর থেকে সংশ্লিষ্ট বাগানমালিক আত্মগোপনে রয়েছেন।
শনিবার দুপুরে হোয়াইট পিক রিসোর্টের নিচে মাতামুহুরি নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা গজালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু তৈয়বকে বিষয়টি জানান। পরে স্থানীয়দের সহায়তায় তিনি মরদেহটি উদ্ধার করে নদীর তীরে নিয়ে আসেন এবং পুলিশকে খবর দেন। ইউপি সদস্য আবু তৈয়ব জানান, স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধারের পর পুলিশকে অবহিত করা হয় এবং পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ নিজেদের হেফাজতে নেয়।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে ময়নাতদন্তের জন্য মরদেহটি বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এবং তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।