পটুয়াখালীর কুয়াকাটায় ভ্রমণে গিয়ে সড়ক দুর্ঘটনায় নাবিলা নুসরাত (৩২) নামে এক নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মিশ্রীপাড়া বৌদ্ধবিহার এলাকায় যাওয়ার পথে ইঞ্জিনচালিত একটি থ্রি-হুইলার উল্টে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নাবিলা নুসরাত ৪২তম বিসিএসে উত্তীর্ণ হয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।
দুর্ঘটনায় তার সফরসঙ্গী চিকিৎসক মাইনুল ইসলাম শুভ আহত হয়েছেন। তিনি নিজেকে নিহতের স্বামী হিসেবে পরিচয় দিয়েছেন। মাইনুল ইসলাম শুভ জানান, শুক্রবার ঢাকা থেকে কুয়াকাটায় বেড়াতে এসে তারা ওশান ভিউ হোটেলে রাতযাপন করেন। শনিবার বিকেলে ইঞ্জিনচালিত একটি ভ্যানে করে মিশ্রীপাড়া বৌদ্ধবিহার দেখতে যাওয়ার সময় পথে একটি বিড়াল ভ্যানের চাকার নিচে পড়লে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ভ্যানটি উল্টে গেলে ভ্যানে থাকা দুই পর্যটকসহ তারা ছিটকে পড়েন।
এ সময় নাবিলার মাথা ভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাইনুল ইসলাম শুভ জানান, তিনিও ঢাকার পিজি হাসপাতালে কর্মরত আছেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গেছে। আহত ব্যক্তি নিজেকে নিহতের স্বামী বলে পরিচয় দিয়েছেন, বিষয়টি যাচাই করা হচ্ছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।